ছবি: সংগ্রহীত
রুমেল আফ্রাদ রুবেল,নরসিংদী:
নরসিংদীর পলাশ উপজেলায় নয় বছর বয়সী এক শিশুর পায়ুপথে উচ্চগতিতে বাতাস ঢুকিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) সকালে উপজেলার গজারিয়া বাজার এলাকার একটি ব্যাটারিচালিত অটোরিকশার গ্যারেজে এ মর্মান্তিক ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশ অভিযান চালাচ্ছে।
নিহত শিশুর নাম রামিম। সে উপজেলার গজারিয়া চরকারারদী গ্রামের ব্যবসায়ী রিপন মিয়ার ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার সকাল ৯টার দিকে রামিম তার দাদা আমজাদ হোসেনের দোকানে যায়। পরে সে বাজারের ফয়সাল মিয়ার মালিকানাধীন একটি অটোরিকশার গ্যারেজে প্রবেশ করে। অভিযোগ রয়েছে, সেখানে একই গ্রামের লোকমান মিয়ার ছেলে ও রিকশাচালক সবুজ মিয়া দুষ্টামির ছলে রিকশার চাকার হাওয়া দেওয়ার মেশিন দিয়ে শিশুটির পায়ুপথে বাতাস প্রবেশ করিয়ে দেয়।
ঘটনার পরপরই রামিমের পেট অস্বাভাবিকভাবে ফুলে যায় এবং তীব্র যন্ত্রণায় সে মাটিতে লুটিয়ে পড়ে। তার চিৎকার শুনে স্থানীয় লোকজন দ্রুত তাকে উদ্ধার করে নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে চিকিৎসকরা তাকে ঢাকায় উন্নত চিকিৎসার জন্য পাঠান। রাতে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়দের মধ্যে ক্ষোভও বিরাজ করছে। তারা অভিযুক্তের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পলাশ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। অভিযুক্ত সবুজ মিয়াকে গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।”
এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে পুলিশ জানিয়েছে।