কাওছার আহমেদ, জামালপুরঃ
জামালপুরে এক ভাড়া বাসা থেকে শারমিন আক্তার (২৫) নামের এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকাল ১১ টার দিকে সদর উপজেলার নান্দিনা স্টেশন এলাকার মনির হোসেনের তিনতলা বাসার দুইতলা একটি ফ্ল্যাট থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। নিহত শারমিন আক্তার সদর উপজেলার শরিফপুর ইউনিয়নের শ্যামপুর এলাকার জহুরুল ইসলামের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। বিষয়টি নিশ্চিত করেছে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা।
পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টার দিকে নিহতের স্বামী জহুরুল ইসলাম নিহত শারমিন আক্তারের চাচাতো ভাই এর স্ত্রীকে ফোন করে জানানা যে, শারমিন আক্তার তার রুমের দরজা খুলছেন না এবং ভিতর থেকে কোনো সাড়া-শব্দ পাওয়া যাচ্ছে না। বিষয়টি জানতে পেরে নিহতের বাবা বাড়ির লোকজন ও চাচাতো ভাই ঘটনাস্থলে আসেন। পরে তারা রুমের দরজা ভেঙে ভিতরে প্রবেশ করে দেখতে পান, শারমিন আক্তার রুমের ফ্যানের আংটার সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় ঝুলে আছেন। পরে তারা দ্রুত ওড়না কেটে তাকে নিচে নামায়। পরে খবর পেয়ে জামালপুর সদর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বেলা ১১ টার দিকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
এ বিষয়ে জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুস সাকিব বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।