ছবিঃ দেশ বাংলা
কাওছার আহমেদ, জামালপুর:
জামালপুরের বকশীগঞ্জে অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগে দুলাল মিয়া নামে এক ব্যবসায়ীকে ২০ হাজার টাকা জরিমানা করেছে উপজেলা প্রশাসন। একই সঙ্গে তার গুদাম থেকে ৭২ বস্তা সার জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার বগারচর ইউনিয়নের অকুলের মোড় এলাকায় দুলাল মিয়ার দোকান ও গুদামে অভিযান চালিয়ে এসব সার জব্দ করা হয়।
উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে দুলাল মিয়া কোনো বৈধ লাইসেন্স ছাড়াই অবৈধভাবে সার মজুদ করে আসছিলেন। পাশাপাশি কৃষকদের কাছে অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগও পাওয়া যায়। এ অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে উপজেলা প্রশাসন ও কৃষি বিভাগের যৌথ উদ্যোগে তার দোকান ও গুদামে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে গুদাম তল্লাশি করে ৬৪ বস্তা ডিএপি ও ৮ বস্তা ইউরিয়া সার পাওয়া যায়। পরে মোট ৭২ বস্তা সার জব্দ করা হয়। অবৈধভাবে সার মজুদের দায়ে ব্যবসায়ী দুলাল মিয়াকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বকশীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম বলেন, লাইসেন্স ছাড়া সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রির অভিযোগের ভিত্তিতে ওই ব্যবসায়ীর গুদামে অভিযান চালানো হয়। অভিযানে ৬৪ বস্তা ডিএপি ও ৮ বস্তা ইউরিয়া সার জব্দ করা হয়েছে। জব্দ করা সার পরবর্তীতে উপজেলার কৃষকদের মধ্যে ন্যায্য মূল্যে বিক্রি করা হবে।
অভিযানে নেতৃত্ব দেন বকশীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা ও উপজেলা কৃষি কর্মকর্তা আমিনুল ইসলাম।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আসমা উল হুসনা বলেন, অবৈধভাবে সার মজুদ করে অতিরিক্ত দামে বিক্রি করার কোনো সুযোগ নেই। কৃষকদের স্বার্থে অবৈধ মজুদ, কৃত্রিম সংকট সৃষ্টি ও অতিরিক্ত দামে সার বিক্রির বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
প্রশাসনের পক্ষ থেকে কৃষকদের ন্যায্যমূল্যে সার প্রাপ্তি নিশ্চিত করতে নিয়মিত বাজার ও সার বিক্রয়কেন্দ্রগুলোতে নজরদারি করা হবে বলেও জানানো হয়েছে।