ছবিঃ সহগ্রহী
নিজস্ব প্রতিবেদক, নরসিংদী:
নারীদের ব্যবহার করে প্রেমের ফাঁদে ফেলে অপহরণ, নির্যাতন ও ব্ল্যাকমেইলের অভিযোগে নরসিংদীতে একটি সংঘবদ্ধ ‘হানি ট্র্যাপ’ চক্রের চার সদস্যকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
পুলিশ সূত্রে জানা যায়, নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুকের নির্দেশনায় পরিচালিত বিশেষ অভিযানে এ চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়। পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) এরশাদ উল্লাহ’র নেতৃত্বে এসআই শেখ মোঃ জসিম উদ্দিন ও এসআই আব্দুস সালামের সমন্বয়ে গঠিত ডিবির একটি দল সদর থানার সাহেপ্রতাপ ও রেলস্টেশন এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করে।
গ্রেপ্তারকৃতরা হলো— পলাশ উপজেলার জিনারদী গ্রামের অহিদ মিয়ার মেয়ে শারমিন আক্তার বৃষ্টি (২৪), নরসিংদী সদরের হাজীপুর গ্রামের মৃত হিরন মিয়ার মেয়ে স্মৃতি আক্তার, উত্তর বাগহাটার মৃত আরমান মিয়ার ছেলে কাইয়ুম (২৫) এবং খাটেহারা গ্রামের জসিম মিয়ার ছেলে ফয়সাল মিয়া (৩৪)।
ডিবি পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের মধ্যে ফয়সাল মিয়া আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। অভিযানের সময় তার কাছ থেকে ভিকটিম মোঃ পারভেজ হাসানের ব্যবহৃত একটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, চক্রটি দীর্ঘদিন ধরে নারীদের মাধ্যমে বিভিন্ন ব্যক্তিকে প্রেমের ফাঁদে ফেলত। পরে দেখা করার প্রলোভন দেখিয়ে নির্জন স্থানে নিয়ে গিয়ে অপহরণ ও শারীরিক নির্যাতন চালানো হতো। অনেক ক্ষেত্রে ভিকটিমকে বিবস্ত্র করে নারী সদস্যদের সঙ্গে আপত্তিকর ভিডিও ধারণ করা হতো এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে মোটা অঙ্কের টাকা আদায় করা হতো। টাকা দিতে অস্বীকৃতি জানালে ভিকটিমদের হত্যার হুমকিও দেওয়া হতো।
পুলিশ আরও জানায়, গ্রেপ্তারকৃত স্মৃতি আক্তারের বিরুদ্ধে অপহরণ ও চুরিসহ একাধিক মামলা রয়েছে। অন্যদিকে ফয়সাল মিয়ার বিরুদ্ধে পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন, নারী ও শিশু নির্যাতন দমন আইন, মাদক এবং চুরিসহ নরসিংদী ও চট্টগ্রামের বিভিন্ন থানায় অন্তত সাতটি মামলা রয়েছে।
এ ঘটনায় নরসিংদী সদর মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। পুলিশ জানিয়েছে, জনস্বার্থে অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।